অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু

- আপডেট সময় ০৮:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
জানা গেছে, নির্মাতা এমডি ইকবালের ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। শহরের ‘টি মম-ইন’ হোটেলে অবস্থানকালে মঙ্গলবার সকালে নাশতা শেষে সহকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে নিজের কক্ষে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
‘নসীব’ সিনেমায় তাঁর চরিত্রের মৃত্যুর দৃশ্যসহ আরও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি ছিল। শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে সহকর্মী ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার নিউজসহ বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহল শোক প্রকাশ করেছে।



















