ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও

- আপডেট সময় ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৬৪ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো টেকনাফ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে “টেকনাফের সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা” ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা টেকনাফ মডেল থানা ঘেরাও করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং নিহত ইউনুস সিকদারের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, দাওয়াতের নামে ডেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ইউনুস সিকদারকে। তারা বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে গভীর চক্রান্ত।” বক্তারা প্রধান আসামি মোহাম্মদ আলম ওরফে শাফুইয়া এবং তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেন।
বিক্ষোভ চলাকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমরা আপনাদের ক্ষোভ বুঝি। ইতিমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। জঘন্য এই হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। আইন অনুযায়ী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”
ওসির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষুব্ধ জনতা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে।
থানা সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলমকে প্রধান আসামি করে এজাহারভুক্ত ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জনপ্রিয় ও জনমুখী নেতা ইউনুস সিকদারের হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
















