খাদ্য পণ্য পাচারকালে ২২ পাচারকারী আটক করেছে কোস্টগার্ড

- আপডেট সময় ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্টসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জনান তিনি।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
















