শাহপরীর দ্বীপে জামায়াতের কার্যালয় উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন – মাও: আনোয়ারী

- আপডেট সময় ০৯:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৩২৪ বার পড়া হয়েছে
টেকনাফের সাবরাং ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বুধবার (৭ জানুয়ারি ) বিকাল তিনটার দিকে শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলকে বিজয়ী করতে হবে। জামায়াতে ইসলামী জনগণের ভোটে জয়লাভ করলে সমাজের বৈষম্য ও অন্যায় দূরীভূত হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অধ্যক্ষ আনোয়ারী আরো বলেন, শাহপরীর দ্বীপ একটি পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাময় জনপদ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অতীতের রাজনৈতিক নেতারা এ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের বদলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে নির্বাচিত করেন তাহলে এই শাহপরীর দ্বীপকে একটি সমৃদ্ধ পর্যটন স্পটে রূপান্তরে চেষ্টা চালিয়ে যাবো। এই এলাকার হাজারো মানুষের ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবো ইনশাআল্লাহ।
শাহপরীর দ্বীপে কার্যালয় উদ্বোধন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ মো. জুবায়ের, সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, সহসভাপতি মাওলানা জহির আহমদ, সেক্রেটারি আনোয়ার হোসেন বাপ্পী, ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা রশিদ উল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি শেফায়েত উল্লাহ, আব্দুর রহমান, আলমগীর।
এদিকে কার্যালয় উদ্বোধন শেষে শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া অগ্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।
















