টেকনাফে ধানের শীষ প্রতীকের ভোট চেয়েছেন মহিলা আওয়ামীলীগের সভাপতি কোহিনূর: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়

- আপডেট সময় ০৯:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৩০০ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার প্রকাশ্যে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন মহলে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
একজন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী হয়েও বিরোধী দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষের মাঝেও নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে সময়ের রাজনীতির বাস্তবতা হিসেবেও দেখছেন। তবে ঘটনাটি টেকনাফসহ কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
























