লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

- আপডেট সময় ০৮:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় হাসপাতাল সূত্র।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ও কক্সবাজারমুখী মারসা পরিবহনের দুটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় একটি বাস সড়কের পাশে একটি দোকানে ঢুকে যায় এবং দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা রেহানা বেগম (৬০)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
















