চকরিয়ার বন্যাদুর্গত এলাকায় ছাত্রশিবিরের ত্রাণ কার্যক্রম, মানবিক সহায়তার আহ্বান

- আপডেট সময় ০৭:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা চকরিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ত্রাণ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে নেতাকর্মীরা চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটা এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের চরম দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন। সেখানে অধিকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের বসবাসের মতো শুকনো কোনো জায়গা নেই। অনেক পরিবার খাটের পায়ার নিচে ইট দিয়ে উঁচু করে কোনোভাবে অবস্থান করছে। পানির উচ্চতা খাটের সমান হওয়ায় রান্নাবান্না, খাবার গ্রহণ ও ঘুমানোর মতো নিত্যপ্রয়োজনীয় কাজও চরমভাবে ব্যাহত হচ্ছে।

সংগঠনের জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার ত্রাণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। দুর্গত এলাকার মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। পানি দ্রুত না নামলে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সময় সমাজের বিত্তবান, মানবিক ও সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে চিড়া, মুড়ি, চিনি, কলা, বিশুদ্ধ পানি এবং অন্যান্য শুকনো খাদ্যসামগ্রীর জরুরি প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়।
ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আইয়ুব আনসারী বলেন, মানবিক এই সংকটে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনেক অসহায় পরিবারের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে। একই সঙ্গে সংগঠনের মাধ্যমে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।




















