আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর শুভ উদ্বোধন
কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

- আপডেট সময় ১২:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সকালে কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শনে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সকাল ১১টায় তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য ‘গার্ড অব অনার’ প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরবর্তীতে তিনি সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর কক্সবাজার জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক জনাব মোঃ শফিউল করিম। কক্সবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নাজমুল হোসাইন, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানে কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সিটি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের স্বাবলম্বী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতা শেখায়।”
দিনব্যাপী এ প্রতিযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন কলেজ থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শেষে মাননীয় উপাচার্য কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ল্যাব সরেজমিনে পরিদর্শন করেন এবং ল্যাবের সার্বিক আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনের শেষে তিনি কলেজ প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পুরো আয়োজনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে।



















