তরুণদের মাঠে ফেরাতে তৃতীয়বার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার

- আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কারকাজ শুরু হয়েছে। আসন্ন ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট’কে সামনে রেখে মাঠটি খেলার উপযোগী করে তুলতে তৃতীয়বারের মতো এ সংস্কারকাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় মাঠের গর্ত ভরাট, সমতলকরণ, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংস্কারকাজের নেতৃত্ব দিচ্ছেন ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, মাতামুহুরী উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক এমইউপি সদস্য গিয়াস উদ্দিন আহমেদ।
এর আগে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পরিবেশ তৈরির লক্ষ্যে তাঁর উদ্যোগে দুই দফা মাঠ সংস্কার করা হয়েছিল। এবার তৃতীয় দফায় মাঠটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিকভাবে খেলার উপযোগী করে তোলার কাজ চলছে।

গিয়াস উদ্দিন আহমেদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে মাঠটি প্রস্তুত করা হচ্ছে, যাতে এলাকার উদীয়মান খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।
মাঠের সংস্কারকাজ চলমান থাকায় স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল মাঠ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



















