এশিয়ান গেমসে ৩.৮৮ পয়েন্টে ২য় রাউন্ড থেকে বিদায় নিল ফাতেমা

- আপডেট সময় ১০:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
জাপানের তাহারায় ২০তম এশিয়ান গেমসের সার্ফিং ডিসিপ্লিনে বাংলাদেশের ঐতিহাসিক পথচলা শেষ হলো নারী বিভাগের শটবোর্ড ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কক্সবাজারের তরুণ সার্ফার ফাতেমা আক্তার।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রশান্ত মহাসাগরের লং বিচ ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী সুজুং ইয়ের কাছে পরাজিত হন ফাতেমা। দুই ওয়েভ মিলিয়ে তিনি মোট ৩.৮৮ পয়েন্ট অর্জন করেন। বিপরীতে সুজুং ইয়ে ৮.৭৩ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন।
এর আগে প্রথম রাউন্ডের হিটে ২.৯২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে এলিমিনেটর রাউন্ডে ওঠেন ফাতেমা। ১৭ বছর বয়সী এই সার্ফার এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নিয়ে ইতোমধ্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন।
একই দিনে পুরুষদের শটবোর্ড ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ মানানও। তিনি থাইল্যান্ডের তিন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আন্তর্জাতিক মানের সরঞ্জাম ও উন্নত সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে বাংলাদেশের দুই সার্ফারের অংশগ্রহণ দেশের সার্ফিং অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।



















