কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

- আপডেট সময় ০৭:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিভিন্ন অভিযোগে ৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ২ জন চোর/ছিনতাইকারী, ১৪ জন মাদকসেবী, পেনাল কোডের ২৯০ ধারায় ১৮ জন, ধর্তব্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই চোর/ছিনতাইকারী হলেন—পশ্চিম বাহারছড়ার নুর মোহাম্মদ (২৬) এবং দক্ষিণ সাহিত্যিকার পল্লীর মাসুদুল করিম ওরফে মাসুদ করিম (৪৪)। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন সময়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া ১৪ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ঝিলংজা ইউনিয়নের বাসিন্দারাও রয়েছেন।
পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার ১৮ জনের মধ্যে কক্সবাজার পৌরসভা, ঝিলংজা, ঈদগাঁও, চকরিয়া, টেকনাফসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এ তালিকায় কয়েকজন নারীও রয়েছেন।
এদিকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার পাঁচজন হলেন গাজী সালাউদ্দিন জিকু (২৬), নুরুল আলম বিপ্লব (৪০), সাইনুর মনি শিমুল (২৫), নাছির উদ্দিন (৩৫) ও আকমল উদ্দিন আকিব খান (২৫)। এছাড়া ওয়ারেন্টের ভিত্তিতে মাহে রাখাইন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
















