কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, সহায়তার আহ্বান

- আপডেট সময় ০১:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৪ নম্বর কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ ছাড়া কয়েকটি বাসা ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পাকা মসজিদের পশ্চিমে বেড়িবাঁধসংলগ্ন রাস্তার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে একই ইউনিয়নের সমিতি রোড এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মধ্যে রয়েছেন—নুর কাদের, সেবুল কাদের, ওমর কাদের, রুহেল কাদের, আবুল কাদের, আবদুল হামিদ, মোহছেনা বেগম, আইয়ুব আলী, সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, রফিক উদ্দীন, জালাল আহমেদ ও মিনহাজ উদ্দীন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের পুনর্বাসন ও জরুরি সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রবাসী, দানশীল ব্যক্তি ও সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

আহ্বানে বলা হয়, আগুনে ঘরবাড়ি ও জীবনের সঞ্চয় হারানো পরিবারগুলোর জন্য এই মুহূর্তে খাদ্য, পোশাক, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী জরুরি। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘব এবং নতুন করে জীবন শুরু করার পথ সহজ হতে পারে।



















