টুপটুপ রিসোর্ট পরিদর্শনে চেম্বার, পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরিতে দ্রুত পদক্ষেপ

- আপডেট সময় ১১:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম (PERT)।
অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ, উদ্ধার কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা, আগুনের সূত্রপাতের সম্ভাব্য কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে পার্ট টু এর ডেপুটি টিম লিডার করিম উল্লাহ কলিমের নেতৃত্বে, টিমটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।
এ বিষয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবু মোর্শেদ চৌধুরী বলেন, এফবিসিসিআইয়ের প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম (PERT) টুপটুপ রিসোর্টে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে। উক্ত টিমের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
পরিদর্শন ও সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট চেম্বারে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। প্রতিবেদনে অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম, আগুনের সূত্রপাতের সম্ভাব্য কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র তুলে ধরা হবে।
প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।



















