রামুতে গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড; ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

- আপডেট সময় ০৯:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড সিজন-০৩’। রামুর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ একাডেমির সহযোগিতায় গ্লোবাল একাডেমি আয়োজিত এ অলিম্পিয়াডে কক্সবাজার জেলার তিনটি উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রামুর এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে এ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক পর্যায়ে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ জন এবং মাধ্যমিক পর্যায়ে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। রামু, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডে প্রাথমিক পর্যায়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হবে। গ্লোবাল একাডেমি (Global Academy) ও গ্লোবাল ইংলিশ একাডেমির (Global English Academy) আনুষ্ঠানিক ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীকে মুঠোফোনে ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিজয়ীদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রান্তিক এলাকার মেধাবীদের এগিয়ে নেওয়াই লক্ষ্য
গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াডের পরিচালক এস. আই. রায়হান বলেন, “প্রান্তিক পর্যায় থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং ইংরেজি ভাষায় তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ তৈরি করাই এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য। আমরা চাই, শিক্ষার্থীরা ইংরেজি ভাষাকে শুধু পরীক্ষার বিষয় হিসেবে নয়, বরং জ্ঞান অর্জন, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করুক।”
তিনি আরও বলেন, “গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড ভবিষ্যতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, মেধা ও সৃজনশীলতা বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
মিডিয়া ও স্পন্সর পার্টনারদের সহযোগিতা
অলিম্পিয়াড আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে টেলিগ্রাম নিউজ, রামুর খবর, রামু বার্তা, দৈনিক খবর কক্সবাজার, রামু খবর ২৪, রামু এক্সপ্রেস, দৈনিক চট্টলা ও রামু ভিশন নিউজ ২৪।
স্পন্সর পার্টনার হিসেবে সহযোগিতা করেছে কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস, প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশন, পিরামিড ইঞ্জিনিয়ারিং ও স্টুডেন্ট কম্পিউটার। ভেন্যু স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে রামুর শিক্ষাপ্রতিষ্ঠান এভারেস্ট টিচিং ইনস্টিটিউট।
স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সহযোগিতা
আয়োজনটি সফল করতে সার্বক্ষণিক সহযোগিতা করেন গ্লোবাল ইংলিশ একাডেমির শিক্ষার্থী মুশফিক মুনতাসিব তাসিন, সালমান রিজভী, তাবাসসুম, জিনিয়া, জিহান, মো. আনাস, ওমর ফারুক, মো. মিজবাহ, মো. রানা, আফনান হাবীব, তানিশা, পপি আক্তার, আলিফা, দীপান্বিতা, ইউশা, অমি বড়ুয়া, স্বপ্তর্শী দে, সুচি বড়ুয়া, রওনক আনজুম কাফি, মুবাশ্বির ইবনুল কাইয়ুম রওরফ, আদ্র বড়ুয়া, নাহিদ ইসলাম, নুসরাত মুসাদ্দিকা, মো. তৌসিফ, অর্পিতা বড়ুয়া, রিমঝিম বড়ুয়া, কোন্টি বড়ুয়া, মোহাম্মদ সোয়াইফ ও মো. মুনতাসীরসহ আরও অনেকে।
অলিম্পিয়াডে কারিগরি ও তথ্যপ্রযুক্তি সহযোগিতা প্রদান করেন গ্লোবাল ইংলিশ একাডেমির উপদেষ্টা সোয়েব সাঈদ, দয়াল বড়ুয়া, মো. জিসান ও আব্দুল্লাহ আল নোমান।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন মাস্টার মো. মিজান, রহিম উল্লাহ, তাওহীদ কাদের মুরাদসহ সংশ্লিষ্টরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে।



















