বাবুনগর মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ, জামায়াতের নিন্দা

- আপডেট সময় ০৮:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ৬ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় যে বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। আমি জামায়াতে ইসলামীকে জড়িয়ে তার দেয়া অসত্য বক্তব্য এবং বিষোদ্গারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সকল বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একই সঙ্গে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাক্সক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। সুতরাং কোনো প্রকার বিষোদ্গারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনী ইশতেহারে যার প্রতিফলন যে কেউ দেখতে পাবে এবং সংগঠনের চলমান কার্যক্রমেও তা ফুটে উঠছে। জামায়াতে ইসলামী দেশে কোনো প্রকার বিভক্তিকে প্রশ্রয় দেয় না, বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে।
এডভোকেট জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে চব্বিশের জুলাই বিপ্লবের পর এই বিএনপি সরকারের আমলে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ সেসবের দিকে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র। তিনি ইসলামী কোনো পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এহেন বক্তব্য পরিহার করে নিজের দায়িত্বের দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।



















