১২ ঘণ্টা অধ্যক্ষকে অবরুদ্ধ, মধ্যরাতে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ত্যাগ

- আপডেট সময় ০২:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে প্রায় ১২ ঘণ্টা তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন তিনি। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। দীর্ঘ ১২ ঘণ্টা পর মধ্যরাতে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অডিটোরিয়ামে এয়ার কন্ডিশনার ও ফ্যান ব্যবহারের কারণে ১২ হাজার ৬০০ টাকা বিদ্যুৎ বিল আসে। ওই বিল হোস্টেলের ছাত্রীদের পরিশোধ করতে বলা হয়। এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর হোস্টেলের সিট বাতিলের হুমকি দেওয়া হয়। অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলনে নামেন ছাত্রীরা।
এদিকে, অধ্যক্ষকে উদ্ধারে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠিপেটা করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রীকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
পুলিশি অভিযানের প্রতিবাদে মধ্যরাতেই কলেজের সামনের নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।


















