পূর্ণস্বাধীনতা নিয়ে নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা

- আপডেট সময় ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৩৩০ বার পড়া হয়েছে
এম এ সাত্তার আজাদ-উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে পূর্ণ স্বাধীনতা নিয়ে নিজ দেশে ফিরতে এবং ন্যায়বিচার আদায়ের দাবিতে গণহত্যা দিবস ২০২৫ পালিত হয়।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ চারটি ক্যাম্পে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে সমাবেশগুলো শেষ হয়।
সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন রোহিঙ্গারা জানান, মিয়ানমার সেনা সরকারের দমন-পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে জীবন বাঁচাতে তারা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও নিজ দেশে ফেরত নেয়নি মিয়ানমার সরকার। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
রোহিঙ্গা নেতারা বলেন, আমরা তো বাংলাদেশের কেউ না, আমাদের পরিচয় রোহিঙ্গা। আমরা বারবার বলছি, নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চাই। আজ ৮ বছর হলো, একজন রোহিঙ্গাও ফিরে যেতে পারেনি। ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছি। রাখাইনে আমাদের ভিটেমাটি ছিল। এখন পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে কষ্টে আছি। দিন দিন পরিবার বড় হচ্ছে, এভাবে আর কতদিন চলবে? আমরা ফিরে যেতে চাই।
সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের অধিকার আদায়ে মাস্টার মহিবুল্লাহ অনেক সংগ্রাম করেছেন। তিনিই ছিলেন রোহিঙ্গাদের মুখপাত্র। কিন্তু তাকেও হত্যা করা হয়েছে। আমরা চাই না, ক্যাম্পে আর কোনো সহিংসতা হোক। সব পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
সকাল থেকে হাজার হাজার রোহিঙ্গা সমাবেশে অংশ নিতে প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে সমবেত হয়।

















