ইসলামী আদর্শ ছাড়া ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: পেকুয়া উলামা সম্মেলনে আব্দুল্লাহ আল ফারুক

- আপডেট সময় ১০:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৫০ বার পড়া হয়েছে
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জুলুম, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় উলামা সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন, দেশের বর্তমান ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের প্রয়োজনে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা উলামা বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা তারবিয়ত সম্পাদক মাওলানা আলি আজগর এবং পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উলামা সমাজের ভূমিকা অনস্বীকার্য। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে উলামায়ে কেরামকে ইসলামের সঠিক বার্তা নিয়ে সমাজের সর্বস্তরে পৌঁছাতে হবে।

















