“জুলাই সনদ বাস্তবায়নে অনতিবিলম্বে আদেশ জারী ও গণভোটের ব্যবস্থা করতে হবে” – ড. হামিদুর রহমান আযাদ

- আপডেট সময় ০৩:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ. এম. হামিদুর রহমান আযাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভূমিকা পালন করেছে। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য আদেশ জারী ও গণভোটের ব্যবস্থা করার দাবি জানান।
সোমবার, (২০ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে চকরিয়া অঞ্চলে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ড. আজাদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, জনগণ দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত এবং ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক এডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম প্রমুখ। দারসুল কোরআন পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।




















