শাহপরীর দ্বীপে গণসংযোগ ও পথসভায় জেলা আমীর আনোয়ারী
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন’ই দেশবাসীর প্রত্যাশা

- আপডেট সময় ০৯:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২৯৪ বার পড়া হয়েছে

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাসের পর মাস জন প্রত্যাশার আলোকে রাজনৈতিক দলগুলো সময় দিয়ে স্বাক্ষর করে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে তা বাস্তবায়নের একমাত্র ভিত্তি হচ্ছে গণভোট। আর সেই গণভোট হতে হবে অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে। এক সাথে দুইটি ভোট হলে রাজনৈতিক দলগুলোর কাছে গণভোটের কোন গুরুত্ব থাকবে না। যার ফলে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে। দেশ আবারো পুরানো ধারায় ফিরে যাবে। ফ্যাসিবাদ তৈরি হবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির দৌরাত্ম বেড়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। দেশবাসী যা কখনো মেনে নিবে না। তাই কালবিলম্ব না করে নভেম্বরের মধ্যে গণভোট দেশবাসীর প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে সরকার কে দ্রুত পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশবাসী আমাদের কে সরকার গঠনের সুযোগ দিলে আমরা সামাজিক সুবিচার ও নিরাপত্তা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতি ও লুটপাট বন্ধ করে দেশের মানুষ কে স্বস্তি ও নিরাপত্তা উপহার দিতে আমার বদ্ধপরিকর। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফবাসীকে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে দাঁড়ি পাল্লা বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান। ৩১ অক্টোবর জুমাবার শাহপরীরদ্বীপের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জুমাবার সকাল থেকে শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া, জালিয়া পাড়া ও তিন রাস্তার মাথা বাজারে গণসংযোগ করেন এবং মাগরিবের নামাজের পর শাহপরীর দ্বীপ বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।
সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ সেক্রেটারি সেলিম উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার আইনজীবী শাখা ২ জোনের সেক্রেটারি এডভোকেট আব্দুল আমিন, সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম, সহ সেক্রেটারি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ প্রমূখ।

















