আদর্শিক তরুণ সমাজ গঠনে ঐক্যবদ্ধ কুতুবীয়ান যুবসমাজ
কক্সবাজার আইডিয়াল ইয়ুথ ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় ০৬:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৪৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
আদর্শিক তরুণ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে গঠিত কক্সবাজার আইডিয়াল ইয়ুথ ফোরাম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ রাজনীতিক এডভোকেট দেলোয়ার হোসাইন কুতুবী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ ও বিশিষ্ট সমাজকর্মী মোস্তাক আহমদ।
ফোরামের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় এবং সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন অর্থ সম্পাদক এমরানুল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আতাউল গণি ওসমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনাইদ, শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক মাওলানা কফিলউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কলিম উল্লাহ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, সহ-প্রচার সম্পাদক সরওয়ার আলম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য নেজাম উদ্দিন, দেলোয়ার হোসাইন, রেজাউল হক মামুন ও জসিমউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “আমরা আদর্শিক কুতুবীয়ান—মেধা, নৈতিকতা ও দেশপ্রেম দিয়ে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে ঐক্যবদ্ধ। নিজেদের উন্নয়ন না হলে কুতুবদিয়ার প্রাপ্য দাবি কেউ আদায় করে দেবে না; তরুণরাই এ পরিবর্তনের চালিকাশক্তি।”
তারা বলেন, কুতুবদিয়ার উন্নয়ন বৈষম্য দূর করতে সৎ, মানবিক ও দূরদৃষ্টিসম্পন্ন তরুণদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সময়ের দাবি।
সভায় বক্তারা কুতুবদিয়া উপজেলাকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিতে সাতটি মূল দাবি তুলে ধরেন—
১. স্থায়ী ও শক্তিশালী সী-ডাইক নির্মাণ এবং সুপার ডাইকে বেড়িবাঁধ স্থাপন।
২. কুতুবদিয়া-চকরিয়া ফেরি সার্ভিস চালু ও আজম রোডকে চার লেনে উন্নীতকরণ।
৩. কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর।
৪. জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড় মোকাবেলায় টেকসই সী-প্রাচীর নির্মাণ।
৫. সেতু, নৌপথ ও সড়ক যোগাযোগ সহজীকরণ।
৬. স্থানীয় লবণ উৎপাদকদের সুরক্ষা ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি।
৭. শিক্ষা ও যুব উন্নয়ন সেন্টার স্থাপন করে আইটি ট্রেনিং, ক্যারিয়ার কাউন্সেলিং ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা চালুর দাবি।
এছাড়া তারা ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনটি তাদের আদর্শিক কর্মসূচিও ঘোষণা করে। এর মধ্যে রয়েছে—
চরিত্রবান ও নৈতিক তরুণ সমাজ গঠন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা, অসহায় ও জলবায়ু উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো, শিক্ষা ও নেতৃত্ব বিকাশ, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এবং শান্তি-ভ্রাতৃত্বভিত্তিক আদর্শিক সমাজ গঠন।
বক্তারা বলেন, “আদর্শিক ও মানবিক মূল্যবোধে গঠিত তরুণ সমাজই কুতুবদিয়ার উন্নয়নের চালিকাশক্তি হতে পারে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন হয়।














