চকরিয়ার সুরাজপুর–মানিকপুর সড়কে জননিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি মানবিক পাঠশালার

- আপডেট সময় ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৭৫ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়ন সড়কে রাত্রিকালীন সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সিএনজি যাত্রী ও চালকদের ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। এতে রাতের বেলায় সাধারণ যাতায়াতের পাশাপাশি জরুরি রোগীবাহী যানবাহনের চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন দাখিল করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইরানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভি স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সুরাজপুর–মানিকপুর সড়কটি চকরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটিতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
সংগঠনটি জননিরাপত্তা জোরদারে কয়েকটি উদ্যোগ গ্রহণের অনুরোধ জানায়, যার মধ্যে রয়েছে – সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি বা অস্থায়ী পুলিশ চৌকি স্থাপন, রাত্রিকালীন সময়ে নিয়মিত পুলিশ টহল জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “রাত্রিকালীন সময়ে এ সড়কে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।”
এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছে মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন।
















