কক্সবাজারে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল-সহ আটক ১

- আপডেট সময় ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঝিলংজায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফরিদুল আলম (৪৯)। তিনি পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ফরিদুল আলমের বসতবাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালানো হলে একটি কালো কাঁধব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং খাকি টেপে মোড়ানো চারটি কার্টুন থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করে র্যাব।
র্যাব-১৫ জানায়, সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার ও আশপাশের জেলায় মাদক পাচারের জন্য নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে এসব কৌশল ভেদ করে মাদক পাচার রোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান তারই ধারাবাহিক অংশ বলে জানিয়েছে সংস্থাটি।
আটককৃত ফরিদুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
























