চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ নোহা মাইক্রোবাস জব্দ, গ্রেফতার ১

- আপডেট সময় ০৩:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৬৪ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়া থানা পুলিশের টহল দল কক্সবাজার থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. জসিম হাওলাদার (৩৯)। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, জসিম নিজেই নোহা মাইক্রোবাসটি চালিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি দল পথে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “মাদক কারবারি জসিম হাওলাদারকে আটকের পর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের প্রাথমিক ধারণা, জসিম একটি বড় মাদক চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
























