কর্মসংস্থান, বৈধ বাণিজ্য ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকনাফকে মাদকমুক্ত করা হবে: অধ্যক্ষ আনোয়ারী

- আপডেট সময় ০৯:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৭৮ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে এলাকার মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও উন্নয়ন-আশা তৈরি হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “টেকনাফের মানুষ বহুদিন ধরে একদিকে মাদকসন্ত্রাস, অন্যদিকে বেকারত্ব ও নিরাপত্তাহীনতার দুঃশাসনে ভুগছে। মানুষ চায় শান্তিতে বাঁচতে, নিরাপদে চলতে, সন্তানদের সুস্থ পরিবেশে বড় করতে। আমরা ক্ষমতায় যেতে পারলে প্রথম অগ্রাধিকার হবে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।”
টেকনাফকে মাদকমুক্ত করার জন্য তিনটি কাঠামোগত পরিকল্পনা উপস্থাপন করে তিনি বলেন, “যুবসমাজ যদি বেকার থাকে, তাহলে মাদকচক্র তাদের ব্যবহার করার সুযোগ পায়। তাই আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিকে ‘মাদকমুক্ত টেকনাফ’ গড়ার প্রথম ধাপ হিসেবে দেখছি। স্থানীয় শিল্প, কৃষি, মাছ ও লবণ শিল্প, পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ব্যাপক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করেছি।”
অধ্যক্ষ আনোয়ারী আরো বলেন, “মিয়ানমার সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে বৈধ বৈদেশিক বাণিজ্যের বিশাল সম্ভাবনা আছে। দুর্নীতি ও অনিয়ম দূর করে আধুনিক বন্দর সুবিধা ও বৈধ বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উখিয়া–টেকনাফের অর্থনীতিকে বহুগুণে শক্তিশালী করা হবে। বৈধ বাণিজ্য বাড়লে অবৈধ পথ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।”
তিনি জোর দিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ শুধু ঘোষণায় নয়—এটা সম্ভব শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও আইনের প্রয়োগের মাধ্যমে। আমরা জনসম্পৃক্ত প্রশাসন গড়ে তুলবো, যেখানে জনপ্রতিনিধি ও জনগণ একত্রে অপরাধ নির্মূল করবে। কোনো অপরাধী রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাবে না।”
এ ছাড়া তিনি শিক্ষা, নৈতিকতা চর্চা, পরিবার-সমাজে মূল্যবোধ পুনরুজ্জীবন এবং তরুণদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, “ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে খুব কম সময়ের মধ্যেই টেকনাফ বদলে যাবে। শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, মুহাম্মদ গিয়াস উদ্দিন নিজামী, মাওলানা ইবরাহিম মাহমুদ, অধ্যাপক জহির আহমদ, মাওলানা ফরিদুল আলম জিহাদী, মাওলানা নুর মুহাম্মদ, সাদ্দাম হোছাইন, মাওলানা ফরিদ আলম, মুসা কলিম উল্লাহ, মাস্টার ফরিদ আলম ও মুহাম্মদ কামাল হোছাইন।
চৌধুরীপাড়ার সাধারণ মানুষ উন্নয়ন, কর্মসংস্থান ও মাদকমুক্ত টেকনাফের অঙ্গীকারে অধ্যক্ষ আনোয়ারীর এই প্রতিশ্রুতিকে স্বাগত জানান।























