ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকের জেরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বরখাস্ত, ব্যাখ্যায় দুঃখ প্রকাশ

- আপডেট সময় ০২:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ২৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিক করার ঘটনায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রককে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তা ইউনুস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন। পোস্টে তিনি জানান, গত ১৬ মার্চ দুপুরে ফেসবুক ব্রাউজ করার সময় অসাবধানতাবশত একটি ইভেন্ট পোস্টে ‘ইন্টারেস্ট’ বাটনে ক্লিক করে ফেলেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুরুচিপূর্ণ ছবি ছিল।
তিনি উল্লেখ করেন, বিষয়টি তার অজান্তেই কিছু সময়ের জন্য ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে প্রদর্শিত হয়। পরে বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি সেটি মুছে ফেলেন। তিনি এটিকে অনিচ্ছাকৃত ও অসাবধানতাজনিত ভুল হিসেবে উল্লেখ করেন।
ইউনুস তার পোস্টে বলেন, “উনার মতো সম্মানিত ব্যক্তি, জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের পোস্টে ইন্টারেস্ট ক্লিক করা উচিত হয়নি।”
এ ঘটনায় তিনি কক্সবাজার জেলাবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল থেকে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত অনলাইন আচরণ নিয়ে নানা আলোচনা চলছে।
















