উখিয়ায় বিজিবির অভিযানে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ২৮৫ বার পড়া হয়েছে
কক্সবাজার, ৯ জুন ২০২৬: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোররাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল পালংখালীর গুজ্জা খাল এলাকার লক্ষ্মণের ঘের নামক স্থানে অবস্থান নেয়। এ সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে দেখতে পায় টহল দল।
পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা পাঁচটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৫৫টি বায়ুরোধী কাটে থাকা মোট ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারির ফলে একের পর এক উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হচ্ছে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।














