শ্রমিকবান্ধব বাজেট প্রণয়নের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

- আপডেট সময় ১০:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ২৮৬ বার পড়া হয়েছে
শ্রমিক অধিকারের কথা সবাই বললেও বিগত সরকারগুলো শ্রমিকদের ন্যায্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন ও সাংগঠনিক সম্পাদক এমইউ বাহাদুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আতিকুর রহমান বলেন, “শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির কথা সবাই বললেও বাস্তবে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। দেশে প্রায় আড়াই কোটি কৃষি শ্রমিক রয়েছে, কিন্তু তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। শ্রমিকরা কঠোর পরিশ্রম করলেও তাদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় না।”
তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তাদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে বৈষম্য করা হয়। জুলাই বিপ্লবে প্রায় ১৫০ জন শ্রমিক প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম বৈষম্যমুক্ত ও শ্রমিকবান্ধব বাজেট উপস্থাপন করা হবে। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর প্রথম গণতান্ত্রিক সরকারের বাজেটেও শ্রমিকদের প্রতি বৈষম্য করা হয়েছে। তাই বাজেট সংশোধন করে শ্রমিকবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানাই।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এবং জেলা উপদেষ্টা জাহিদুর রহমান।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সাঈদুল আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ও পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, দর্জি ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শাহজাহান, রামু উপজেলা উপদেষ্টা আবু নাঈম মুহাম্মদ হারুন, রামু উপজেলা সভাপতি মোকতার আহমদ, উখিয়া উপজেলা সভাপতি রিদওয়ানুল হক জিশান, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং কক্সবাজার শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।














