হার্ভার্ডে আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে মহেশখালীর সিমা

- আপডেট সময় ০৮:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২৭৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মেধাবী শিক্ষার্থী রাবেয়া জহির সিমা।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।
বিশ্বের প্রায় ৭০টি দেশের মেধাবী প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সিমা। তার এই অর্জনে গর্বিত মহেশখালীবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জেলার সুনাম আরও সমুন্নত করবেন।
রাবেয়া জহির সিমা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিরাজুল হক ও রেবেকা সুলতানার কন্যা।
এর আগে, গত ২৩ জুন একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিজয় অর্জন করে মহেশখালীর জন্য গৌরব বয়ে আনেন রাবেয়া জহির সিমা। তার ধারাবাহিক সাফল্য ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
রাবেয়া জহির সিমার পরিবার তার সফলতা, সুস্থতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় উজ্জ্বল ফলাফলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তারা বিশ্বাস করেন, সবার দোয়া ও শুভকামনা সঙ্গে নিয়ে সিমা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও গৌরবান্বিত করবেন।



















