সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাস ও নাশকতা রুখতে গণভোটের গণরায় বাস্তবায়নের বিকল্প নেই

- আপডেট সময় ০৮:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা ও সহিংসতা এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২৬ নভেম্বর বিকাল ৩ টায় কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে পাবলিক হল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট আওয়ামীলীগের চিরাচরিত অভ্যাস। বিগত সতেরো বছর জনগণের উপর চরম জুলুম-নির্যাতন, গুম-খুন ও লুটপাট করে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা দেশে আবারো ভয়ের রাজত্ব সৃষ্টি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। আমরা হুশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, দেশের মুক্তিকামী ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা এখনো জাগ্রত রয়েছে। জুলাই শহীদের তাজা রক্ত এখনো দগ-দগ করছে। গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের কোন আস্ফালন ও অপতৎপরতা দেশের মানুষ মেনে নিবে না।

তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের আলোকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের দিন একইসাথে দুইটি ভোট অনুষ্ঠিত হলেও বিএনপি সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করে গণভোটের রায় মেনে নেয়নি এবং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণরায় কে পাশ কাটিয়ে গিয়েছে। আমরা মনেকরি, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের শাসন কাঠামোতে নতুন ধারা সৃষ্টি হলে আওয়ামী সন্ত্রাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য তৈরিতে কালক্ষেপন হতো না। সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা অবিলম্বে সরকারকে ঐক্যৈবদ্ধভাবে সংকট মোকাবেলায় গণভোটের গণরায় বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ রফিক, শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, শহর জামায়াতনেতা রফিকুল্লাহ মুকুল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পাবলিক হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।



















