টেকনাফে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

- আপডেট সময় ০৩:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী রাস্তার মাথায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
নিহতরা হলেন—হ্নীলার মৌলভীবাজারের সেলিমের ছেলে ফারুক ও মরিচ্যাঘোনার আব্দুর রহিমের ছেলে মো. ইসমাঈল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গাড়ির অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই সিএনজিতে থাকা ফারুক ও ইসমাঈল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতি ও অসাবধানতা দুর্ঘটনার মূল কারণ।
মৃতদেহ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।





















