কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৫ লক্ষ ৩৩ হাজার, মোট কেন্দ্র ১৭৫, বুথ ১০০৬

- আপডেট সময় ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৪৯৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
# চকরিয়ায় মোট ভোটার সংখ্যা: ৩,৮৬,৪৯০
# পেকুয়ায় মোট ভোটার সংখ্যা: ১,৪৬,৫৯৯
# ১৭৫ কেন্দ্রে মোট বুথ সংখ্যা: ১০০৬
কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার জেলার মোট ভোটার সংখ্যা ১৮,২৯,১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৬৬,০২৮ জন, মহিলা ভোটার ৮,৬৩,১০৮ জন এবং হিজড়া ভোটার মাত্র ৬ জন।
জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫,৩৩,০৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮৪,৪৬৯ জন, মহিলা ভোটার ২,৪৮,৬২০ জন।
আরও পড়ুন: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৩ লক্ষ ৮২ হাজার, মোট কেন্দ্র ১১৯, বুথ ৭২০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলো ৪,৮৬,২৫২ জন। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৪৬,৮৩৭ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে কক্সবাজার-১ আসনে।
কক্সবাজার-১ আসনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। চকরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৮৬,৪৯০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,০৫,০৯৪ জন এবং মহিলা ভোটার ১,৮১,৩৯৬ জন। পেকুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১,৪৬,৫৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭৯,৩৭৫ জন এবং মহিলা ভোটার ৬৭,২২৪ জন।
এ আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ১৭৫টি। চকরিয়া উপজেলায় ১২৯টি কেন্দ্র এবং পেকুয়া উপজেলায় ৪৬টি কেন্দ্র রয়েছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১৫৮টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়ায় ১৫টি এবং পেকুয়ায় ২টি বৃদ্ধি পেয়ে মোট প্রস্তাবিত ১৭৫টি ভোটকেন্দ্রে মোট বুথ সংখ্যা ১,০০৬টি, যার মধ্যে পুরুষ বুথ ৪৯৭টি এবং মহিলা বুথ ৪৯৯টি। একইদিনে সরকার গণভোট করার সিদ্ধান্ত নেওয়ায় অস্থায়ী ১০৯টি বুথ যুক্ত করা হয়েছে, যার মধ্যে চকরিয়ায় ৭৬টি এবং পেকুয়াতে ৩৩টি।
আরও পড়ুন: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন : মোট ভোটার ৫ লক্ষ ৪০ হাজার, মোট কেন্দ্র ১৮১, বুথ ১১০২
ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, কক্সবাজার-১ আসনটি পূর্বে বৃহত্তর চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত ছিল। ১৯৮৪ সালে আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এটি গঠিত হয়। এরপর থেকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এই আসনের নির্বাচিত সদস্যরা নিম্নরূপ:
—১৯৮৬ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে এ. এইচ সালাহউদ্দিন মাহমুদ,
—১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হতে অধ্যাপক এনামুল হক মঞ্জু,
—১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের জুন ও ২০০১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে পরপর তিনবার সালাহউদ্দিন আহমেদ,
—২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ কারাগারে থাকাবস্থায় বিএনপি হতে তাঁর সহধর্মিণী হাসিনা আহমেদ,
—২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) হতে মোহাম্মদ ইলিয়াছ,
—২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হতে জাফর আলম এবং
—২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টি থেকে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নির্বাচিত হন।
আরও পড়ুন: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন : মোট ভোটার ৩ লক্ষ ৭৩ হাজার, মোট কেন্দ্র ১১১, বুথ ৭৩৪
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন:
বিএনপি থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য, সালাহউদ্দিন আহমেদ; বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর জামায়াতের আমীর, আব্দুল্লাহ আল ফারুক; আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে, অধ্যাপক এবি ওয়াহেদ
কক্সবাজার-১ আসনের ভোটার ও বুথের সংখ্যা বৃদ্ধি, পাশাপাশি জাতীয় নির্বাচনের সাথে একযোগে গণভোটের আয়োজন প্রমাণ করে যে—এ আসনের নির্বাচন প্রশাসনিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটার সংখ্যা বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় এবং অস্থায়ী ভোটকেন্দ্রের সঠিক বিন্যাস প্রার্থীদের এবং ভোটারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
























