হ্নীলা ও হোয়াইক্যংয়ে অনুপ্রবেশকারীর বস্তা ও পলিব্যাগ থেকে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০১:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে মালিকবিহীন ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হ্নীলা ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ভোর আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় চারজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৪০ কাটে আনুমানিক ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত আনুমানিক ২টা ১০ মিনিটে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি একটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৪ কাটে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মোট পরিমাণ ৪ লাখ ৪০ হাজার পিস। দুই ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।























