টেকনাফে অভিযানে সেনাসদস্য নিহতের খবর অসত্য, আহত ১

- আপডেট সময় ১০:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার খবর সত্য নয়। তিনি মূলত গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের গহিন পাহাড়ে দীর্ঘদিন ধরে জিম্মি করে রাখা ৫৭ জন ভুক্তভোগীকে উদ্ধারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মানবপাচার ও সন্ত্রাসী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত সেনাসদস্যকে দ্রুত উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
অভিযানে মানবপাচার ও সন্ত্রাসী চক্রের তিন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ে জিম্মি থাকা ৫৭ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য নিহতের খবর ছড়িয়ে পড়লেও আইএসপিআর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যে তাঁর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



















