ওমরাহ যাত্রীদের টাকা আত্মসাৎ, বাথরুমের ফলস ছাদে লুকিয়েও রক্ষা হয়নি

- আপডেট সময় ১১:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
ওমরাহ হজযাত্রীদের বিমান টিকিট সরবরাহের কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রামের একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস ছাদের নিচে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার।
গত ২৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রামের খুলশী থানাধীন ফিনলে আবাসিক এলাকার ইয়াদ আলী পার্কসংলগ্ন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল।
পিবিআই সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে সৌদি এয়ারলাইনসের বিমান টিকিট সরবরাহের জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী, ৯ জনের আসা-যাওয়ার এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট সরবরাহ করা হলেও বাকি ১৬৯টি টিকিট দেওয়া হয়নি।
পরবর্তীতে ওমরাহ যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ভুক্তভোগীকে নিজ খরচে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়। এ ঘটনায় মোট ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে চক্রটির বিরুদ্ধে।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার রবিউল হোসেনকে দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তে তার নামে ৯টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া রবিউল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।
আত্মসাতের অর্থের উৎস, লেনদেন এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



















