৪১ বাংলাদেশীকে ফিরিয়ে আনলো বিজিবি

- আপডেট সময় ১২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে তাঁদের আটকে রাখা হয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও ৪১ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চলতি বছর এ পর্যন্ত ৩২৩ জন বাংলাদেশী নাগরিক কে ফিরিয়ে আনলো বিজিবি।



















