উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২, আহত অর্ধশতাধিক

- আপডেট সময় ০৭:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত ও ৫০ জনের মতো আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে দারোগাবাজার সড়কের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে একজন ব্যবসায়ী ও দোকানের এক কর্মচারী ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে টেকনাফ ও কক্সবাজার থেকে আরও দুটি দমকল ইউনিট এসে যোগ দেয়। স্থানীয় জনতা, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
আগুনে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় আংশিক ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে ব্যাংকের মূল ভবনটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও আতঙ্ক। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই ভয়াবহ ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হবে।
নিহতদের মধ্যে একজন ব্যবসায়ী মোহাম্মদ আলী, যিনি উপজেলা জামায়াতে ইসলামী’র প্রবীণ কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট তাঁদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















