বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

- আপডেট সময় ০৩:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিনটি দেশীয় বন্দুক, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র (রামদা, ছুরি, কিরিচ ইত্যাদি) এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র উপকূল ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও অভিযানে এমন অভিযান অব্যাহত থাকবে।























