ইসলামের ইতিহাসে মহিলাদের ভূমিকা শুধু সহায়ক নয়, বরং বিজয়ের অন্যতম প্রধান ভিত্তি: অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী

- আপডেট সময় ১০:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৪৫ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
অধ্যক্ষ আনোয়ারী বলেন, “ইসলামের ইতিহাসে মহিলাদের ভূমিকা শুধু সহায়ক নয়, বরং বিজয়ের অন্যতম প্রধান ভিত্তি। আজকের বাংলাদেশেও নৈতিক সমাজ গঠন ও সত্যের পক্ষে আন্দোলনে নারীদের অবদান অপরিসীম।” তিনি সবাইকে সত্য-ন্যায় ও উন্নত বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইসলাম, মাওলানা আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে নারীদের আত্মত্যাগ, ধৈর্য ও সাহস কখনোই ইতিহাস থেকে মুছে যাওয়ার নয়। তারা নারীদের ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের কাজে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে “ইসলামের বিজয়ে মহিলাদের অসামান্য ভূমিকা” শীর্ষক আলোচনায় বক্তারা ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত নারীদের সংগ্রাম, ত্যাগ, শিক্ষাদান, ও নেতৃত্বের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

















