কক্সবাজার জেলার চার আসনের ২৩ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, বৈধ ১৮, বাতিল ৫

- আপডেট সময় ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৫৩১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। পরে শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
যাচাই-বাছাই শেষে চারটি আসনে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল এবং ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার-১ মনোনয়ন বৈধ ৩, বাতিল ২:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল্লাহ আল ফারুক, বিএনপি মনোনীত জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং গণ অধিকার পরিষদের আব্দুল কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।
কক্সবাজার-২ মনোনয়ন বৈধ ৫, বাতিল ২:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ এবং জামায়াতে ইসলামী মনোনীত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গণ অধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির মাহমুদুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ওবাইদুল কাদের নদভী।
কক্সবাজার-৩ মনোনয়ন বৈধ ৫, বাতিল ১:
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরজনিত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামী মনোনীত শহিদুল আলম বাহাদুর, বিএনপি মনোনীত লুৎফুর রহমান কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া পার্থ এবং আমজনতা দলের নুরুল আবছার।
কক্সবাজার-৪ সব প্রার্থীর মনোনয়ন বৈধ:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন এবং যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামী মনোনীত জেলা আমীর নূর আহমদ আনোয়ারী, বিএনপি মনোনীত জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আব্দুল্লাহ আল আরফাত এবং এনডিএমের সাইফুদ্দিন খালেদ।
আরও পড়ুন: মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের করণীয় কী, প্রার্থিতা ফিরে পেতে পারেন কীভাবে?
আপিলের সুযোগ:
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, কক্সবাজার জেলার চারটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল এবং ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।
















