দাঁড়িপাল্লার বিজয় মানেই কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের বিজয়: নূর আহমদ আনোয়ারী

- আপডেট সময় ০৬:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২৯৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় লেদা এলাকার প্রধান সড়ক ও আশপাশের স্থানে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, “দাঁড়িপাল্লার বিজয় মানেই কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের বিজয়।” তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
পথসভা চলাকালে প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগসহকারে শোনেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পথসভা শেষে উপস্থিত জনসাধারণ প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে সমর্থনের আশ্বাস দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক নুর হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার এবং জামায়াত নেতা মীর মুহাম্মদ জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
























