জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
রমাদানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন

- আপডেট সময় ০৭:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৮৮ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আখতার আহমদ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, জাকির হোছাইন। সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, প্রতি বছরের মতো আবারো পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে ফিরে এসেছে। রমাদান কে টার্গেট করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গোদামজাত করে বাজারে সংকট সৃষ্টি করায় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। যার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার রমাদানে সাহরী ও ইফতার আয়োজনে হিমশিম খাচ্ছে আমরা অবিলম্বে সরকারকে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, বছরে একবারই রমাদান মাস আসে। এই মাসের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করা প্রত্যেক ঈমানদারের দায়িত্ব। তাই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, মদ- জুয়া ও অনৈতিক সকল কর্মকান্ড বন্ধ রাখতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সর্বোপরি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাহে রমাদান কে নিরাপদ, স্বস্তিদায়ক ও পবিত্রতার আবহে অতিবাহিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।














