মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর
নিজস্ব ব্যবস্থাপনায় প্লেট স্থাপনের নির্দেশ বিআরটিএর, অমান্য করলে আইনি ব্যবস্থা

- আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নম্বরপ্লেটের রং ও উপাদান
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধন করা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের মাপ
নির্দেশনায় স্কুটার ও অন্যান্য সাধারণ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।
স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার, প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।
অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার, প্রস্থ ৫০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।



















