কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত বিলুপ্ত

- আপডেট সময় ০৭:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সংঘটিত ঘটনা এবং উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।
২. এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে।
৩. কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
৪. গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
উক্ত কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে আমীরে জামায়াতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
৬. তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।



















