কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান হামিদ আযাদের

- আপডেট সময় ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আলী আকবর ডেইল এলাকার কুমিরাছড়া জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি পরিবারের ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
২৩ অক্টোবর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, আগুনে বসতঘর ও প্রয়োজনীয় সম্পদ হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।
ড. হামিদ আযাদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে জরুরি খাদ্য, বস্ত্র ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধৈর্য ও সাহস কামনা করেন এবং তাদের ক্ষতি কাটিয়ে উঠে নতুনভাবে জীবন শুরু করার তাওফিক প্রার্থনা করেন।



















