মিয়ানমার থেকে ছোড়া গুলি হোয়াইক্যংয়ের শয়নকক্ষে: সীমান্তে নতুন করে আতঙ্ক

- আপডেট সময় ১১:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৯২ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় আবারও মিয়ানমার থেকে ছোড়া বুলেট এসে পড়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাজি মোজাহেরের ছেলে শাহ আলমের বসতবাড়ির টিনের চাল ভেদ করে গুলি সরাসরি শয়নকক্ষে গিয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।
শাহ আলম জানান, ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, টিনের চাল ছিদ্র করে একটি বুলেট শয়নকক্ষে পড়ে আছে। তিনি বলেন, “আরেকটু পাশে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিয়ানমারের আরাকান অঞ্চলে প্রায়ই সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলির সময় ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতে এসে পড়া এখন নিত্যঘটনায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা আরও বেড়েছে বলেও জানান তারা।
বারবার গুলি এসে পড়ার ঘটনায় সীমান্তবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়রা বলছেন, “এভাবে ঘরের ভেতর গুলি আসা অত্যন্ত ভয়ঙ্কর। শিশু-বৃদ্ধ সবাই আতঙ্কে আছে।”
এ বিষয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়ন–এর সিইও লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, “গুলির বিষয়টি আমরা জেনেছি। কীভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে।”























