হোয়াইক্যং চেকপোস্টে তিনহাজার ইয়াবাসহ চালক আটক

- আপডেট সময় ০৩:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৩৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।
মঙ্গলবার (১২ মে) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ সাইদ আলম (১৯)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ “হেনরি”কে সঙ্গে নিয়ে সিএনজিটিতে তল্লাশি চালান। এসময় গাড়ির ব্যাটারির নিচে অভিনব কায়দায় কালো কসটেপে মোড়ানো অবস্থায় দুইটি মিনি কাটে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক সাইদ আলমকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও জানানো হয়।




















