ইসলামপুরে ছুরিকাঘাতে সৌদি প্রবাসী আহত

- আপডেট সময় ০১:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৪২ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক সৌদি প্রবাসী যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উত্তর নাপিতখালীর বাসিন্দা ওমর আলী ও তাঁর আপন ভাই নুরুল আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
সোমবার (২২ জুন) সকাল প্রায় ৯টার দিকে নতুন বাজার এলাকায় জনসম্মুখে নুরুল আলমের ছেলে মুবিন, ওমর আলীর ছেলে ও সৌদি প্রবাসী মিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত মিন্টুকে প্রথমে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অবস্থান নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।




















