ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

- আপডেট সময় ১১:২৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজার এক্সপ্রেস ডেস্ক:
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। সকাল থেকেই তারা পুলিশের সঙ্গে যৌথভাবে টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি জোরদার করেছে।
বিজিবির এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে।
এদিকে, গত কয়েকদিন ধরে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। নাগরিকদের স্বাভাবিকভাবে চলাফেরার অনুরোধ জানানো হচ্ছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, জনগণের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
























