নাইক্ষ্যংছড়িতে ১৩ পরিবারকে বিজিবির মানবিক সহায়তা

- আপডেট সময় ০৮:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ি, ২ জুন ২০২৬: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) মানবিক উদ্যোগের অংশ হিসেবে গরীব, অসহায় এবং সীমান্তে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার (২ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি সদর ও ঘুমধুম ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ২টি পরিবারকে সেলাই মেশিন এবং ৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সীমান্তে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে ছাগল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের মাধ্যমে এলাকার সম্প্রীতি, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এ ধরনের মানবিক কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের সহায়তা প্রদান সেই ধারাবাহিকতার অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















